তেভেজকে ভয় পাচ্ছেন মেসি!
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে বলা হয় ভিনগ্রহের ফুটবলার। তার চোরা পাসে চুরমার হয়ে যায় প্রতিপক্ষের গোল বেড়িবাধ। তার বিপক্ষে খেলতে নামার আগে তাই রীতিমত তার ভিডিও ফুটেজ নিয়ে চলে গবেষণা! আর সেই মেসি কি না চিন্তিত অন্যকে নিয়ে!
শুনতে একটু অবাক শোনালেও ঘটনা মিথ্যে নয়। আর এক সপ্তাহ পরেই ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে নামবে বার্সেলোনা ও জুভেন্টাস। এ ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। কাগজে-কলমে ফুটবল বিশ্লেষকরা মেসি-নেইমার-সুয়ারেজের বার্সাকেই এগিয়ে রাখছেন।
তবে মেসি নিজে জুভেন্তাসকে দুর্বল ভাবতে নারাজ। তিনি মনে করছেন ওই দলের হয়ে তারই স্বদেশী কার্লোস তেভেজ যে কোনো অঘটনটি ঘটিয়ে দিতে পারেন। আর তাই নিজের সতীর্থদের চলতি মৌসুমে ছন্দে থাকা তেভেজ সম্পর্কে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন মেসি।
স্পোর্ট প্রিমিয়ামকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘জুভেন্টাস ফিজিক্যালি খুবই শক্তিশালী। তাদের দলে সেরা মানের কয়েকজন খেলোয়াড় রয়েছে। তেভেজ ওদের মূল শক্তি। তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে।’
আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, ‘এটা ফাইনাল। যেকোনো কিছুই ঘটতে পারে। ওই ম্যাচের জন্য আমরা ভালোভাবেই প্রস্তুত হচ্ছি। বল পজিশনসহ আক্রমণাত্মক কৌশলই পার্থক্য গড়ে দিবে। বিন্দুমাত্র ভুল হলেই বিপদ ঘটবে। পুরো ম্যাচেই নিখুঁত ফুটবল খেলতে হবে।’
বার্সার হয়ে মেসির সামনে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার হাতছানি। এর মধ্য দিয়ে এবারের ব্যালনি ডি’অর পাওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে যাবেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুন, শনিবার বার্লিনের অলিম্পিয়াস্তাদিওন স্টেডিয়ামে দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।
অবশ্য তার আগে আরো একটি শিরোপা জয়ের সম্ভাবনা থাকছে এনরিকের শিষ্যদের সামনে। ৩০ মে রাতে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে জয়ের মিশনে নামবে মেসিরা। যদি এখানে জয় আসে, হতে পারে এটি জুভেন্তাস বধের অনুপ্রেরণা।
এলএ