রয়েল টাইগারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব
রয়েল টাইগার এনার্জি ড্রিংকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী তিন বছরের জন্য তিনি প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এই সুবাদে রয়েল টাইগারের যে কোনো প্রচার-প্রচারণায় অংশ নিবেন সাকিব।
শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব সফট ড্রিংকস ও এএসটি বেভারেজ লি: এর সাথে এ ব্যাপারে একটি দ্বিপক্ষীয় চুক্তি সাক্ষরিত হয়। চুক্তিপত্রে গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ ও সাকিব আল হাসান নিজ নিজ পক্ষে সাক্ষর করেন।
এ সময় গ্লোব ফার্মাসিউটিক্যালস এর চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ বলেন, ‘সাকিব আল হাসানের মত বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার রয়েল টাইগার এনার্জি ড্রিংকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস সাকিব শুধু আমাদের পণ্য নয়, আমাদের দেশকেও আন্তর্জাতিক ক্ষেত্রেও আরো ভালোভাবে তুলে ধরতে পারবেন।’
অন্যদিকে সাকিব বলেন, ‘রয়েল টাইগার এনার্জি ড্রিংকসের সাথে আমার এই যাত্রা শুধু তিন বছরেই সীমাবদ্ধ থাকবে না বলে আমি মনে করি। আমাদের যাত্রা মাত্র শুরু হলো এবং এ যাত্রা অব্যাহত থাকবে।’
এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর এন্ড হেড অফ সেলস এন্ড মার্কেটিং খাইরুল আনাম, জেনারেল ম্যানেজার ইফতিখার হোসেন,মিডিয়া ম্যানেজার রনবির সাহা, বিজ্ঞাপনী সংস্থা নকশিকাথার কর্ণধার অভিনেতা মাহফুজ আহমেদ, ব্র্যান্ড এক্সিকিউটিভ অনন্ত রহমান ও সৈয়দ তওফিক বিশাকা সহ আরো অনেকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী ফারহানা নিশো।
এলএ