ছিটকে গেলেন সাদমান, দেড় বছর পর টেস্ট দলে জাকির
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ও দ্বিতীয় ম্যাচ থেকে চোটের কারণে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার জাকির হাসানকে।
১৪ মে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, মিরপুরে প্রথম টেস্ট চলাকালে ক্যাচ নিতে গিয়ে সাদমান বুকে আঘাত পেয়েছিল। তার বুকে ট্রমাটিক কনটিউশন হয়েছে এবং সে ব্যথায় ভুগছে। দুর্ভাগ্যবশত সে দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না।
সাদমানের পরিবর্তে দলে সুযোগ পাওয়া জাকির সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে। প্রায় দেড় বছর পর আবারও জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ফিরলেন ২৮ বছর বয়সী এই ওপেনার।
উল্লেখ্য সিরিজের প্রথম টেস্টে ঢাকার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এসকেডি/এমএমআর