ট্রেবল জয়ের লড়াইয়ে নামছে মেসি-তেভেস


প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৬ জুন ২০১৫

ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজ শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও জুভেন্তাস। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রাত পৌনে ১ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে দু’দলের সামনেই থাকছে দারুণ কিছু রেকর্ড গড়ার হাতছানিও।

দীর্ঘ এক যুগ পর ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করা জুভেন্তাস ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ আসরটিকে তৃতীয় শিরোপা নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামবে। পক্ষান্তরে উজ্জীবিত বার্সেলোনার লক্ষ্য পঞ্চমবারের মতো এই শিরোপা ছোঁয়া।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটিতে নজর থাকবে স্প্যানিশ জায়ান্টদের কোচ লুই এনরিকে ও জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দিকেও। নিজ নিজ ক্লাবের হয়ে প্রথম মৌসুমেই তারা দারুণ সময় পার করছেন। এনরিকে যেমন এরই মধ্যে বার্সাকে লা লিগা ও স্প্যানিশ কাপের শিরোপা এনে দিয়েছেন, তেমনি জুভদের সিরি আ ও ইতালিয়ান কাপ এনে দিয়েছেন অ্যালেগ্রি। কোচ দু’জনের সামনে এখন ট্রেবল জয়ের পালা।

জুভেন্তাসকে হারিয়ে দিতে পারলেই ইতিহাসে প্রথম কোনো ক্লাব হিসেবে দু’বার ট্রেবল জয়ের বিরল রেকর্ড গড়বে লা লিগা চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে দলটির অনেক খেলোয়াড়ই এই রেকর্ডের অংশ হবে। কেননা তারকা স্ট্রাইকার লিওনেল মেসিসহ ২০০৯ সালে ট্রেবল জয়ী বার্সার অনেক খেলোয়াড় আছেন এবারের দলেও।

অপরদিকে, রিয়ালের সাবেক স্ট্রাইকার মোরাতা ফাইনালেও গোল করার লক্ষ্যের কথা জানিয়েছেন। আর আর্জেন্টাইন স্ট্রাইকার তেভেসের গতি সম্পর্কে তো সবারই জানা। তাই বার্সেলোনার আক্রমণভাগ যতই দুর্দান্ত হোক না কেন, সমানভাবে রক্ষণ সামলাতে না পারলে তেভেস-মোরাতায় যে ভুগতে হতে পারে কাতালুনিয়ার এ ক্লাবটিকে এটা সহজেই অনুমেয়।  

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।