অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কক্সবাজার ভেন্যু পরিদর্শন আইসিসি’র
আগামী ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কক্সবাজার ভেন্যু পরিদর্শন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। রোববার বিকেলে পরিদর্শনে আসা ৪ সদস্যের টিমে ছিলেন আইসিসির হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট ক্রিজ টেটলি, চিফ কিউরেটর এডকিলর্স ও কর্মকর্তা ধীরাজ মালহোত্রা।
তাদের সঙ্গে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সহ-সভাপতি মাহবুব আনাম, সিও নিজাম উদ্দিন চৌধুরী, পরিচালক লোকমান হাকিম ভূইয়া।
বিসিবির কক্সবাজারস্থ সদস্য মাহমুদুল করিম মাদু জানান, আগামী বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট আসর। টুর্নামেন্টের বেশ কয়েকটি খেলা চালানো হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলা পরিচালনার জন্য সেভাবেই তৈরি করা হচ্ছে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম। খেলোয়াড়দের জন্য প্র্যাকটিসসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্টেডিয়ামে নতুন করে ১৪টি পিচ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামটিও রিকোজিশন করা হয়েছে প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে। এ ফুটবল স্টেডিয়ামটিও নতুন করে সাজানো হচ্ছে।
তিনি আরো জানান, এসব কার্যক্রম পরিদর্শন করতেই আইসিসির হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট ক্রিজ টেটলির নেতৃত্বে আইসিসির ৪ সদস্যের ইভেন্ট ম্যানেজমেন্ট টিম রোববার কক্সবাজার আসেন।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু জানান, বিকেল ৫ টার দিকে আকাশপথে আইসিসি পরিদর্শকদল কক্সবাজার পৌঁছান। সাড়ে ৫ টারদিকে দলটি প্লে-গ্রাউন্ড ও প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শনে করে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় ক্রীড়া সংস্থার লোকজন ও ক্রীড়ামোদীরা পরিদর্শক দলকে স্বাগত জানান।
বিসিবি সহ-সভাপতি মাহবুব আনাম জানান, আইসিসি পদির্শক দল অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কক্সবাজার ভেন্যু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। টুর্নামেন্টের অন্যান্য ভেন্যুর চেয়ে প্রাকৃতিকগত ভাবে কক্সবাজার ভেন্যুটি দৃষ্টিনন্দন উল্লেখ করে পরিদর্শক দল মাঠের এডিশনাল কাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়েছেন বলে জানান তিনি।
বিসিবি কর্মকর্তা আরো জানান, এ বিশ্বকাপ আসরে কক্সবাজারে ১০ থেকে ১২ টি খেলা পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।
সায়ীদ আলমগীর/এসএইচএস