ন্যু-ক্যাম্পে মেসি-নেইমারদের ট্রেবল উদযাপন (ভিডিও)


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৯ জুন ২০১৫

বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধ্য দিয়ে ছয় বছরের ব্যবধানে দ্বিতীয়বার ট্রেবল জিতল কাতালান শিবির। এবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যু-তে গ্যালারিভরা দর্শকের সামনে নেচে-গেয়ে ট্রেবল জয় উদযাপন করলো মেসি-নেইমার-সুয়ারেজরা।

কাতালান সমর্থকের সামনে নিজেদের অনুভূতি জানাতে গিয়ে কোচ লুই এনরিকে বলেন, এই দলের ইচ্ছা আর শক্তিমত্তার কোনো শেষ নেই। আপনাদের জন্য ওরা সূর্যের মতো তিনটা ট্রফি এনেছে এখানে।

বিদায়ী বক্তৃতায় জাভি হার্নান্দেজ বলেন, লুই এনরিকে, প্রত্যেক টেকনিক্যাল স্টাফ এবং আমার প্রিয় সতীর্থরা-তোমাদের ধন্যবাদ। অসাধারণ এক মৌসুম আর অনেক প্রাপ্তি নিয়ে বিদায় নিতে পারছি আমি। আর অশেষ ধন্যবাদ দিয়ে জানিয়ে রাখছি, সবাইকে খুবই মিস করবো।

লিওনেল মেসি বলেন, এখানে আবারও এরকম উদযাপন অনন্য ব্যাপার। খুব কঠিন গত মৌসুমের পর আজ এখানে এভাবে হাজির হতে পেরে আমি আনন্দিত। এই মুহূর্তটায় আমাদের অবশ্যই উল্লাস করা উচিত।

লুই সুয়ারেজ বলেন, প্রথমত আমি আমার অসাধারণ সতীর্থদের ধন্যবাদ দেবো। তারা আমার স্বপ্নটাকে বাস্তব করেছে। কোচসহ দলের আর প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা। তবে সবার উপরে আপনারা সমর্থকরা।

বক্তব্য-পর্ব শেষ করেই হয়েছে আসল উদযাপনটা। বার্লিনে ভিনদেশী সমর্থকদের সামনে ট্রফি নিয়ে উল্লাসে কি আর মন ভরে! তাই তো ক্যাম্প ন্যু-তে ট্রফি নিয়ে গান গাইলেন মেসি-নেইমাররা।

এর আগে রোববার সকালে এবছর জেতা তিনটি ট্রফি নিয়ে, খোলা ছাদের বাসে বার্সেলোনা শহর প্রদক্ষিণ করে তারা। এ সময় প্রিয় দলকে শুভেচ্ছা জানান হাজার হাজার সমর্থক।

এমআর/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।