বরিশালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৯ জুন ২০১৫

বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন, মিছিল এবং জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বয়েজ অব বরিশাল নামে একটি বেসরকারী সংগঠনের আয়োজনে এবং ক্রিকেট সংশ্লিস্ট বিভিন্ন সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন বয়েজ অব বরিশালের সভাপতি সাইদুর রহমান সোহেল।
 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ১৯৬৬ সালে নির্মিত বরিশাল জেলা স্টেডিয়াম বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম। নদীর তীরবর্তী স্টেডিয়ামে রয়েছে মনোরম পরিবেশ। এই স্টেডিয়ামে লাগানো ফ্লাড লাইট ৩ বছর আগে খুলে নেয়া হয়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা থাকার পরও বরিশালে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছেনা। এখানে আন্তর্জাতিক স্টেডিয়াম হলে বরিশালের মানুষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে পারবে এবং বরিশাল থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার বের হয়ে আসবে বলে তারা মনে করছেন। এ লক্ষ্যে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
 
সাইফ আমীন/বরিশাল/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।