মেসির কারণেই বার্সেলোনায় আছি : আলভেস
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনার সাথে আবারো দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেন আলভেস। নতুন চুক্তি অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত বার্সাতেই থাকবেন আলভেস। আর বার্সেলোনায় থেকে যাবার সিদ্ধান্তের পিছনে লিওনেল মেসির বিরাট ভূমিকা আছে বলে জানিয়েছেন দানি আলভেস।
এবারের গ্রীষ্মে ফ্রি টান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার ক্যাম্প ন্যু ছেড়ে চলে যাবার চিন্তা করেছিলেন। দলে তার অবস্থান এবং প্রাথমিকভাবে চুক্তিতে নবায়ন সম্পর্কিত শর্ত এসবই আলভেসকে বেশ হতাশ করে তুলেছিল। তবে সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গলবার কাতালান জায়ান্টদের সাথে সেভিয়ার সাবেক এই ডিফেন্ডার দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন।
এ সম্পর্কে আলভেস বলেন, মেসি আমাকে বলেছে, এখানে থেকে যেতে। অনেক দিন আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তখনো মেসি আমাকে ক্লাবের ব্যাপারে উৎসাহ দিয়েছিল। বছরখানেক আগে মেসি এবং আমাকে অন্য একটি ক্লাব নেবার ব্যাপারে আগ্রহ দেখালে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তখনই আমরা বুঝতে পেরেছিলাম এখানে যা পাচ্ছি বিশ্বের অন্য কোন ক্লাবে গিয়ে আমরা সেই স্বস্তি পাবো না। তবে কিছু সময়ের জন্য আমার মনের মধ্যে খটকা লেগেছিল। কিন্তু পরের দিনই আমি আবার বুঝতে পারি এখানকার মানুষ আমাকে কতটা পছন্দ করে, আমাকে শ্রদ্ধা করে, এসবই আমাকে থেকে যেতে উদ্বুদ্ধ করেছে।
অবশ্য দানি আলভেস আরো স্বীকার করেছেন, কোচ লুইস এনরিকের ভবিষ্যতের সাথেও তার ভবিষ্যত অনেকটাই জড়িত ছিল। এনরিকে যেহেতু ২০১৭ সাল পর্যন্ত তার চুক্তি নবায়ন করেছেন সে কারণেও আলভেসের এই সিদ্ধান্ত। মৌসুমের একেবারে শুরুর দিকে এনরিকে আলভেসকে বলেছিলেন থেকে যাও কারণ বছর শেষে আমরা বড় কিছু উদযাপনের অপেক্ষায় আছি। এনরিকের নবায়নের কারণেই আলভেসের এই সিদ্ধান্তের পরিবর্তন।
এমআর/পিআর