লা লিগার সেরা একাদশে বার্সার জয়জয়কার
স্পেনের প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি) ২০১৪-১৫ মৌসুমের জন্য সেরা একাদশ বাছাই করেছে। সেরা একাদশে এই মৌসুমে ট্রেবল জয়ী বার্সার জয়জয়াকার। একাদশে লিওনেল মেসিসহ ট্রেবলজয়ী বার্সেলোনার ৬ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন।
এ ছাড়া রিয়াল মাদ্রিদ থেকে আছেন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোসহ দুই জন, ভালেন্সিয়া, সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে একজন করে জায়গা পেয়েছেন। সেরা একাদশে গোলমুখ আগলানোর দায়িত্বে আছেন বার্সার ক্লোদিও ব্রাভো।
রক্ষণেও বার্সার আধিপত্য। ৪জনের ৩জনই বার্সার। ব্রাজিলিয়ান দানি আলভেজের সাথে আছেন স্পেনের জেরার্ড পিকে ও জর্ডি আলবা। অন্যজন ভালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি।
মিডফিল্ডে বার্সা থেকে কেবল ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচই সুযোগ পেয়েছেন। বাকি দুইয়ের একজন রিয়ালের কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ ও অন্যজন সেভিয়ার পোলিশ জেগোস ক্রিখোগিয়াক।
আক্রমণভাগে বার্সার আধিপত্য নেই। ‘এমএসএন’ ত্রয়ীর মধ্যে আছেন কেবল লিওনেল মেসি। বাকিরা রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজমান।
মৌসুমের সেরা একাদশ সামলানোর জন্য কোচের ভার বর্তেছে বার্সেলোনাকে ‘ট্রেবল’ এনে দেয়া লুইস এনরিকের ওপর।
এমআর/আরআই