বাংলাদেশের কাছে ইচ্ছা করেই হেরেছে ভারত!
পূর্ণ শক্তির দল নিয়েও বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাকানিচুবানি খেয়ে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। আর এ জয়ের ফলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।
আর পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দূরে রাখতেই বাংলাদেশের কাছে ইচ্ছা করেই হেরেছে ভারত। শুক্রবার ‘দুনিয়া নিউজ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ।
শুক্রবার নেওয়াজ পাকিস্তানের ‘দুনিয়া নিউজ’ টেলিভিশনের ‘ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে হাজির হন। সেখানে উপস্থাপিকা তার কাছে ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয় সম্পর্কে জানতে চান। তখন সরফরাজ নেওয়াজ বলেন, ‘ভারত ইচ্ছা করেই বাংলাদেশের কাছে হেরেছে। যাতে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে না পারে। কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। এই জয়ের পেছনে সেই সফরেরও ভূমিকা রয়েছে।’
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সফরে এসে পাকিস্তান কেন তিনটি ম্যাচেই হেরে ‘বাংলাওয়াশ’ হয়েছে? তাদের যদি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ইচ্ছাই থাকত তাহলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারল কেন?
উল্লেখ্য, আর এক ম্যাচ জিতলেই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
এমআর/আরআইপি