সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ
সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৭৯ রানের বিশাল ব্যবধানে জিতে আত্ববিশ্বাসী টাইগার শিবির। আজ দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ।
বাংলাদেশের সামনে যখন ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি, ঠিক তখনই যেন মেলবোর্ন ফিরে এলো ঢাকায়। ফারাক শুধু এটুকু যে, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হেরেছিল বাংলাদেশ। আর বৃহস্পতিবার মিরপুরে শুরু হয়েছে জয় দিয়ে।
আজ দ্বিতীয় ওডিআইতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। সরাসরি দেখা যাবে জিটিভি ও বিটিভিতে।
এই বাংলাদেশকে আগে দেখেনি ভারত। বদলে যাওয়া বাংলাদেশ দলে এখন একাধিক পারফরমার। জয়স্পৃহায় উজ্জীবিত লাল-সবুজ সেনানি। তামিম, সাকিব, মুশফিকরদের মতো সিনিয়রদের সঙ্গে সৌম্য, সাব্বির, মুস্তাফিজুরদের সংযোজনে টাইগাররা ক্রমে অদম্য, অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
এদিকে, উইকেট দেখার পর তিন স্বাগতিক নির্বাচক ফারুক আহমেদ, মিনহাজুল আবেদিন ও হাবিবুল বাশারের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফির মুখে হাসি ফুটে উঠল। তবে কি আজই উৎসবের দিন বাংলাদেশের?
এসকেডি/এআরএস/এমএস