নারী বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়
ফিফা নারী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ০-১ গোলে হেরে গেছে ২০০৭ সালের রানার্সআপরা।
রোববার কানাডার মঙ্কটন স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। আক্রমণ প্রতি আক্রমণের খেলা দেখে মনে হচ্ছিল অতিরিক্ত সময়ের দিকেই গড়াবে। কিন্তু খেলার ৮০ মিনিটে অস্ট্রেলিয়ার কিয়াহ সিমন লক্ষ্যভেদ করেন। এই গোলই শেষ পর্যন্ত ব্যবধান হয়ে দাঁড়ায়। গোল শোধে মরিয়া হয়ে খেললেও আর গোলের দেখা পায়নি ব্রাজিল।
ছেলেরা যেখানে রেকর্ড পাঁচবার জয়ী হয়েছে সেখানে মেয়েরা ভালো দল নিয়েও প্রতিবারই ব্যর্থতা নিয়েই দেশে ফিরে যাচ্ছে। অথচ নারী ফুটবল কিংবদন্তী বলা হয় বাজিলেরই এক ফুটবলারকে। ৫ বার ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন মার্তা।
এদিকে জয় পেয়েছে স্বাগতিক কানাডা ও ফ্রান্স। কানাডা ১-০ গোলে সুইজারল্যান্ডকে এবং ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। এ জয়ে প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিয়েছে কানাডা ও ফ্রান্স।
আরটি/এমআর/পিআর