আবারো হাফিজের বোলিং নিয়ে প্রশ্ন
পাকিস্তানের অফস্পিনার মুহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে আবারো প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। সাত মাসের ভিতরে দ্বিতীয়বার তার বোলিং প্রশ্নবিদ্ধ হয়।
রোববার গল টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটের দুর্দান্ত এক জয় পায় পাকিস্তান। তবে জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে যায় হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করায়। এই টেস্টে হাফিজ প্রথম ইনিংসে দুটি মূল্যবান উইকেট পান।
তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হাফিজের বোলিংকে নিষিদ্ধ করবে কিনা তা এখন খোলাসা করে বলেনি। এর আগে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়। প্রায় ছয় মাসের নিষেধাজ্ঞার পর গত এপ্রিলে চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে আবার বোলিং করার অনুমতি পান হাফিজ।
হাফিজকে একুশ দিনের মাঝে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে। যদি এই পরীক্ষায় তার বোলিং অবৈধ ঘোষিত হয় তবে আবার এক বছরের জন্য তার বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে।
আরটি/পিআর/এসআরজে