দল নিয়ে চিন্তিত ভারত, বাতিল করছে জিম্বাবুয়ে সফর!
বাংলাদেশ সফর শেষেই জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। ১০ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল জিম্বাবুয়ে-ভারত সিরিজ। কিন্তু হঠাৎ এই সফর বাতিল করছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এ সফরে জিম্বাবুয়ের সাথে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার।
এই সফর বাতিলের পেছনে বেশ কিছু কারণ দেখাচ্ছে তারা। প্রথম কারণ হিসেবে তারা দেখাচ্ছে ভারত দলের টানা সিরিজ খেলার ক্লান্তি। যা তাদের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে। দ্বিতীয় কারণ হিসেবে দেখাচ্ছে এই সিরিজের ব্রডকাস্টিং মিডিয়া টেন স্পোর্টসের সঙ্গে টাকা-পয়সার বিষয় নিয়ে আইনগত ঝামেলা।
তবে ভেতরের রহস্য হতে পারে অন্য। জিম্বাবুয়ে বর্তমানে বাংলাদেশের মতোই বেশ আগ্রাসী। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তারা দারুণ প্রতিরোধ গড়ে হেরেছে। কিছু কিছু ম্যাচে পাকিস্তানকে নাকানি-চুবানিও খাইয়ে ছেড়েছে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর জিম্বাবুয়ে সফরে গিয়েও সিরিজ হারলে সেটা ভারতের জন্য খুবই খারাপ পরিস্থিতি তৈরি করবে। আর সেই ভয় থেকেই হয়ত জিম্বাবুয়ে সিরিজ বাতিল করতে যাচ্ছে বিসিসিআই।
অবশ্য সিরিজ বাতিল করার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড।
টিআই