কোপার কোয়ার্টার ফাইনাল শুরু আজ


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২৪ জুন ২০১৫

লাতিন আমেরিকার যে ছন্দময় ফুটবল সেটা কোপা আমেরিকাতেই দেখা যায়। ১১ জুন থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৪তম আসর। ইতোমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। তিনটি গ্রুপ থেকে আটটি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

আজ কোয়ার্টারে প্রথম ম্যাচে মাঠে নামছে উরুগুয়ে-চিলি। ‘এ’ গ্রুপ থেকে চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। ইতিহাস বলছে, উরুগুয়ের কাছে পাত্তাই পাবে না স্বাগতিক চিলি।

কিন্তু হিসেবে যখন চলতি কোপা আমেরিকা, তখন শঙ্কা বেশি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়েই। ৪৪তম কোপার প্রথম কোয়ার্টারে তাই জমজমাট এক লড়াইয়েরই আভাস সান্তিয়াগোয়, যেটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

কোয়ার্টারে আসার পথে দুই জয় ও এক ড্র মিলিয়ে গ্রুপ `এ`-এর চ্যাম্পিয়ন হয়েই এসেছে চিলি। একই গ্রুপে রানার্সআপ হওয়া বলিভিয়াকে তো রীতিমতো ৫ গোলে বিধ্বস্ত করেছে অ্যালেক্সিজ সানচেজদের দল। উল্টো দিকে গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের এবার রীতিমতো প্রথম পর্বেই বাদ পড়ার সম্ভাবনায় ছিল।

গ্রুপ `বি`তে তিন ম্যাচ খেলে জয় শুধু জ্যামাইকার বিপক্ষে; ড্র প্যারাগুয়ের সঙ্গে, হার আর্জেন্টিনার কাছে। ফলাফল গ্রুপে অবস্থান তৃতীয়। ১২ দলের টুর্নামেন্টে আট দলকে কোয়ার্টারে রাখতে তিন গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা দুই দলের জন্য সুযোগ রাখা হয়েছিল কোয়ার্টারে ওঠার; সে সুযোগেরই সুবিধা নিতে হয়েছে ১৫ বারের কোপা শিরোপাজয়ী উরুগুয়েকে।

সাম্প্রতিক সময়টা যেমনই হোক, চিলির মুখোমুখি হওয়ার আগে পূর্ব অভিজ্ঞতায় এগিয়ে কিন্তু তারাই। দুই দলের মধ্যকার এ পর্যন্ত হওয়া ৭৬ ম্যাচের ৪২টিতেই জিতেছে লুইস সুয়ারেজের পূর্বসূরিরা।

সর্বশেষ চার বছর আগের কোপাতেও মুখোমুখি হয়েছিল এ দুই দল। গ্রুপ পর্বের ওই ম্যাচে অবশ্য কেউই জেতেনি, সানচেজের গোলে শেষ মুহূর্তে ১-১ ব্যবধানে ড্র করে চিলি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।