মুমিনুল আউট হতেই ২য় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংস কত রানের লিড নেবে বাংলাদেশ? পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট করে দেওয়ার পর এ প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছিল ভক্ত-সমর্থকদের মাঝে। আপাতত যে অবস্থায় আছে, তাতে বড় লিড কিংবা চ্যালেঞ্জিং একটা লিড তো দাঁড় করাতে পারবে, এমনটা আশা করাই যায়।
কারণ, টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেট হারিয়ে ১১০। সব মিলিয়ে লিড দাঁড়িয়েছে ১৫৬ রানের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রান নিয়ে উইকেটে রয়েছে। দিনের শেষে কয়েক ওভারের খেলা বাকি থাকতেই আউট হয়ে যান মুমিনুল হক। এরপর আলোর স্বল্পতা দেখা দেওয়ায় বাংলাদেশও খেলা এগিয়ে নিতে অস্বীকৃতি জানায়, আম্পায়াররাও দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।
দিনের শেষ বরে খুররম শাহজাদের বলে আউট হওয়ার আগে মুমিনুল হক রান করেন ৩০। বল মোকাবেলা করেছেন তিনি ৬০টি। ৩টি মেরেছেন বাউন্ডারি। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৯ রানের জুটি গড়তে সক্ষম হন তিনি।
এর আগে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে না করতেই ফিরে যান অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। ৭ বল খেলে মাত্র ৪ রান করে তামিম ফিরে যাওয়ার পর বাংলাদেশের ইনিংসকে মেরামত করার দায়িত্ব নেন মাহমুদুল হাসান জয় এবং অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। দু’জনের ৭৬ রানের দুর্দান্ত এক জুটি বাংলাদেশের লিডকে তর তর করে এগিয়ে নিয়ে যাচ্ছিল।
শুধু তাই নয়, ওপেনার মাহমুদুল হাসান জয় হাফ সেঞ্চুরিরও দেখা পেলেন। ২২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা ৬ষ্ঠ হাফ সেঞ্চুরি। দুটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। ৫৮ বল খেলে ১০ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান মাহমুদুল হাসান জয়। কিন্তু হাফ সেঞ্চুরির পর ইনিংসটাকে খুব বেশিদূর নিতে পারেননি। ৫২ রান করে আউট হয়ে যান তিনি।
জয় আউট হওয়ার আগে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যর্থ হন বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ইনিংসে ২৬ রান রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন মাত্র ৪ রান। আউট হয়েছেন খুররম শাহজাদের বলে। দলীয় ১৫ রানের মাথায় গালিতে সৌদ শাকিলের হাতে ক্যাচ দেন তানজিদ তামিম।
এর আগে, দ্বিতীয় দিনে দুই সেশনেই সমান ৪টি করে পাকিস্তানের ৮টি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। চা বিরতির পর বাকি দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অলআউট করছে স্বাগতিকরা ২৩২ রানে। ফলে বাংলাদেশ লিড পেয়েছে ৪৬ রানের। ২৮ বলে ৩৮ রান করেন সাজিদ খান।
আইএইচএস/