আজও রোহিতকে ফেরালেন মুস্তাফিজ
গত দুই ম্যাচে মুস্তাফিজের বলেই বলি হয়েছিলেন রোহিত। তৃতীয় ও শেষ ওয়ানডেতেও মুস্তাফিজের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা। মুস্তাফিজের ভয়ঙ্কর অস্ত্র কাটারে এবারো ঠিক মত খেলতে ব্যর্থ হন রোহিত। ব্যাটের কানায় লেগে কিপার লিটনের হাতে ক্যাচ দেন তিনি।
এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৪৯ রান। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে রোহিত করেন ২৯ রান। ধাওয়ান ১৩ আর কোহলি ৪ রান নিয়ে ব্যাট করছেন।
এই ম্যাচের জন্য একাদশে পরিবর্তন এনেছে টাইগাররা। তাসকিনের হালকা ইনজুরির কারণে তাকে দলে রাখা হয়নি। সেখানে জায়গা পেয়েছেন বাহাতি স্পিনার আরাফাত সানি।
সফরকারী ভারতকে প্রথমবারের মতো বাংলাওয়াশ করার সুযোগ টাইগারদের সামনে। প্রথম দুটি ওয়ানডে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তবে টাইগাররা সিরিজ নিশ্চিত করলেও মন ভরেনি ভক্তদের। তাদের যেন বাংলাওয়াশ চাই-ই চাই। মঞ্চ যে প্রস্তুত করেই রেখেছে মিরপুর। বাংলাদেশের হোম অব ক্রিকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০, পাকিস্তানের বিপক্ষে ৩-০ এর পর আজ ভারতকে হারাতে পারলেই হবে ৩-০। দেশের মাটিতে টানা তিন সিরিজে প্রতিপক্ষকে বাংলাওয়াশ করবে মাশরাফির দল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, সাব্বির আহমেদ, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, ও আরাফাত সানি।
ভারত একাদশ : শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক),স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, অক্ষর প্যাটেল, ধবল কুলকার্নি।
আরটি/এমআর/আরআই