দ.আফ্রিকা সিরিজেও ভালো খেলার প্রত্যয় মাশরাফির
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ দল রয়েছে ফুরফুরে মেজাজে। তবে কিছুদিন পর টাইগারদের নতুন পরীক্ষা শুরু। আগামী ৩০ জুন বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামী ৩০ জুন দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে আসলেও সিরিজ শুরু হবে আগামী ৫ জুলাই থেকে।
সফরে টাইগারদের বিপক্ষে দু`টি টি-২০, তিনটি ওয়ানডে ও দু`টি টেস্ট ম্যাচ খেলবে আফ্রিকা দল। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২০০৩ এবং ২০০৮ সালে একে অপরের সাথে সিরিজ খেলেছিল দু`দল।
দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে টাইগার অধিনায়ক মাশরাফি বলেন, ‘ছেলেরা সবাই খেলার মধ্যে। রোজা চলছে, অনেকেই রোজা রাখবে, তবে একটু বিশ্রামেরও দরকার। চার দিন ছুটি আছে, সবাই ছুটি কাটিয়ে আবার ফিরবে। আমরা এত পরপর খেলে অভ্যস্তও না। আমাদের এখন থেকে হয়তো এই অভ্যস্ততা দরকার হবে। কোনো অজুহাত দিয়ে লাভ নেই, পুরো পৃথিবী এভাবেই খেলছে, আমাদেরও এভাবে খেলতে হবে, পারফর্ম করতে হবে। আপনি বিশ্রাম পান আর না-ই পান, পারফর্ম করতেই হবে । খারাপ খেললে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। সুতরাং এখনই সময় মানসিকভাবে ব্যস্ত সময়সূচির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার।’
এমআর/আরআই