বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা-শাকিরা ও বিটিএস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৭ মে ২০২৬

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে ফাইনালের হাফটাইম শো। আর সেই ঐতিহাসিক মঞ্চ মাতাতে একসঙ্গে হাজির হচ্ছেন বিশ্বসংগীতের তিন মহাতারকা- ম্যাডোনা, শাকিরা ও বিটিএস।

ফিফা ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে ঘোষণা দিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে এই তিন তারকা দল ও শিল্পী সহ-হেডলাইনার হিসেবে পারফর্ম করবেন। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহারণ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন।

বিশ্বকাপ ফাইনালের এই প্রথম হাফটাইম শো সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বের কোটি কোটি দর্শকের জন্য।

তবে শুধু বিনোদনই নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে বড় সামাজিক উদ্যোগও। হাফটাইম শোটি আয়োজন করা হচ্ছে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে। এই তহবিলের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

ইতোমধ্যে ৩০ মিলিয়নের বেশি অর্থ সংগ্রহ হয়েছে। এছাড়া ২০২৬ বিশ্বকাপের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই তহবিলে দেওয়া হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, ‘ম্যাডোনা, শাকিরা এবং বিটিএস- এমন বৈশ্বিক তারকা, যাদের সংগীত প্রজন্ম ও সীমান্ত ছাড়িয়ে মানুষকে এক করে। কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত প্রথম বিশ্বকাপ ফাইনাল হাফটাইম শোতে তাদের স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।’

তিনি আরও বলেন, ‘১৯ জুলাই ২০২৬-এ নিউইয়র্ক-নিউ জার্সিতে ফুটবলের সবচেয়ে বড় ম্যাচের সঙ্গে এই আয়োজন শুধু বিনোদনই দেবে না, বরং শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানোর বার্তাও ছড়িয়ে দেবে। এটি হবে ফুটবল, ঐক্য ও মানবতার উদযাপন।’

বিশ্বজুড়ে শিশুদের কাছে শিক্ষা ও আনন্দ পৌঁছে দেওয়া জনপ্রিয় চরিত্র সিসেম স্ট্রিট ও দ্য মাপেটসের চরিত্রগুলোকেও এই অনুষ্ঠানে দেখা যাবে। আয়োজকদের মতে, এর মাধ্যমে শিশুদের শিক্ষার গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

ম্যাডোনা বলেছেন, ‘শিশুরা যদি শিক্ষার সুযোগ না পায়, তাহলে তারা জীবনের সুযোগ থেকেও বঞ্চিত হয়। তাই এই উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’

অন্যদিকে শাকিরা বলেন, ‘আমি সারাজীবন দুটি কাজ করেছি- গান তৈরি ও স্কুল গড়া। বিশ্বকাপের মঞ্চে এই দুটি পথ এক হয়ে যাচ্ছে। ‘দাই দাই’ গানটি আমি এই বিশ্বকাপ এবং বিশ্বের শিশুদের জন্য তৈরি করেছি।’

বিটিএসও জানিয়েছে, ‘সংগীত হচ্ছে আশা ও সম্প্রীতির সার্বজনীন ভাষা। শিশুদের শিক্ষার সমর্থনে বিশ্বকাপের মতো মঞ্চে থাকতে পেরে আমরা সম্মানিত।’

এই হাফটাইম শো প্রযোজনা করছে গ্লোবাল সিটিজেন, লাইভ নেশন এবং ডান প্লাস ডাস্টেড।

এরই মধ্যে ফিফা ও গ্লোবাল সিটিজেন বিশ্বের ১০টি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে কাজ করা বিভিন্ন সংস্থাকে অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই আসর শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।