মন্ত্রী বললেন হকিতে নির্বাচন হবেই

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম রফিকুল ইসলাম , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৬ নভেম্বর ২০১৭

কিছুদিন আগে হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন এখনো অনেক দেরি। এ মুহুর্তে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন।

সিডিউল ঘোষণা এবং নির্বাচন প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যাওয়ার পর তা স্থগিত করা হয়েছে এশিয়া কাপ ও বন্যার কারণ দেখিয়ে। এশিয়া কাপ হকিও শেষ হয়েছে প্রায় একমাস আগে। এখন ক্রীড়াঙ্গনের মানুষের অপেক্ষা হকির নির্বাচন দেখার।

কিন্তু দেশের অন্যতম এ ফেডারেশনের নির্বাচন কবে সেটা দেখার। তবে ক্রীড়াঙ্গনে গুঞ্জন বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচন হচ্ছে না-অ্যাডহক কমিটি গঠণ করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার আজ (বৃহস্পতিবার) বলেছেন, বাংলাদেশ হকি ফেডারেশনে নির্বাচনই হবে।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘নিয়ম অনুযায়ী আমরা বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনের সিডিউল ঘোষণা করেছিলাম। কিন্তু হকির আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং বন্যার কারণে নির্বাচন স্থগিত করি। এখন আবার নির্বাচনী কার্যক্রম শুরু করছি। আমরা নির্বাচন করে ফেলবো। ইতিমধ্যে আমি নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছি।’

নির্বাচন হবে না, দায়িত্ব পাচ্ছে অ্যাডহক কমিটি-এমন গুঞ্জন প্রসঙ্গে দেশের খেলাধূলার এ অভিভাবক বলেন, ‘অ্যাডহক কমিটি গঠনের কোনো চিন্তাভাবনা আপাতত আমাদের নেই। নির্বাচন চালিয়ে চাওয়ার জন্যই চিন্তা করছি।’ তাহলে নির্বাচন কবে নাগাদ হতে পারে? ‘যাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া আছে তারাই পুন:তফসিল ঘোষণা করবেন’-জবাব যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

আরো বেশ কয়েকটি ফেডারেশন চলছে অ্যাডহক কমিটির মাধ্যমে। আর ভারোত্তোলন ফেডারেশন নিয়ে তৈরি হয়েছে অনেক জটিলতা।

এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,‘ভারোত্তোলনের বিষয়টা আমার মাথায় আছে। এ ফেডারেশন নিয়ে কিছু সমস্যা আছে তা সত্য। এটা সমাধানের চেষ্টা করছি। এখানেও আমি নির্বাচিত কমিটি নিয়ে আসবো। নির্বাচিত কমিটি আসবে কাবাডিতেও। বেশিরভাগ ফেডারেশনেই নির্বাচিত কমিটি আছে। অ্যাডহক কমিটি যেগুলোতে আছে সেগুলোতে নির্বাচন করে দেবো। সেটা যতটা তাড়াতাড়ি সম্ভব। ইতিমধ্যে কয়েকটি ফেডারেশনের ফাইলও আমি নিয়েছি।’

আরআই/এমএমআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।