তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র ইউনিয়নের আলটিমেটাম


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে সরকার ব্যর্থ হলে বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে সংগঠনটি। এছাড়া আসামিরা গ্রেফতার না হলে ৪ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালনেরও ঘোষণা দেয় সংগঠনটি।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।

তিনি বলেন, সোহাগী জাহান তনুর ধর্ষক-হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা অবিলম্বে পরিবর্তন, আদিবাসী নারী নির্যাতন এবং হত্যার সঙ্গে যুক্তদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

এসময় তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার বিকেল ৪টায় রাজু ভাষ্কর্যের সামনে গণসমাবেশ, সন্ধ্যা ৬টায় মশাল মিছিল এবং আসামিরা গ্রেফতার না হলে ৪ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট।

সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার, ঢাবি শাখা সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।