সহসাই অবসর নিচ্ছেন না আফ্রিদি!


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৯ মার্চ ২০১৬

নাটক তাহলে বেশ জমে উঠেছে। আফ্রিদির অবসর নিয়েও নাটক নেহাত কম হয়নি। ইতোমধ্যে দশের বেশিবার অবসরের ঘোষণা দিয়েও আবার জাতীয় দলে ফিরে এসেছেন। এবারও সেরকম কিছুই হতে যাচ্ছে। বিশ্বকাপের ভরাডুবির পর আফ্রিদির শেষটা অনেকে দেখে ফেলেছেন; কিন্তু স্বয়ং আফ্রিদি নিজেই এখানে থামতে চাচ্ছেন না। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে জাতীয় দলে একজন খেলোয়াড় হিসেবেই খেলে যেতে চান তিনি।

বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে আফ্রিদির পাকিস্তান। ভারতে এসে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করেও ফেঁসে যান আফ্রিদি। ভারতের প্রতি অধিক ভালোবাসা দেখানোর কারণে পিসিবি বিশ্বকাপ চলাকালীন সময়েই সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বকাপের পরেই আফ্রিদিকে হয়তো অধিনায়কত্ব থেকে ছাটাই করে দেবে। অধিনায়কের দায়িত্ব কাঁধে না থাকলে দলে পারফরম্যান্স দিয়ে তার সুযোগ পাওয়াটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে অবসর নিয়ে নিতে পারেন আফ্রিদি- এমনটাই শোনা যাচ্ছিল।

কিন্তু দেশে ফিরেই সবকিছু পাল্টে যেতে শুরু করলো। পাকিস্তান মিডিয়ার সূত্রমতে, অধিনায়কত্ব ছেড়ে দিলেও খেলোয়াড় হিসেবে দলে থাকতে চান আফ্রিদি। সেক্ষেত্রে অবসরও নিচ্ছেন না পাকিস্তানের বুম বুম। দেখা যাক, শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে ঠেকে!

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।