উড়ালসেতু ভেঙে হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা মমতার


প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩১ মার্চ ২০১৬

কলকাতার গিরিশ পার্কে নির্মাণাধীন বিবেকানন্দ উড়ালসেতু ভেঙে হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সকালের দিকে ওই দুর্ঘটনার পর পশ্চিম মেদিনীপুর থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে তিনি এ ঘোষণা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে পাঁচ লাখ ও আহতদের ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ভয়াবহ এই সেতু ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তুপের নিচে এখনো অাটকা রয়েছে আরো অন্তত শতাধিক মানুষ ও অনেক যানবাহন।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নিয়েছে স্থানীয় জনগণ, দেশটির সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবেলা কর্মীরা।

মুখ্যমন্ত্রীর আগে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এদিকে, ঘটনাস্থলে মেয়রকে দেখে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মেয়র।

স্মরণকালের ভয়াবহ এই দুর্ঘটনা ঘিরে স্থানীয়রা বিভিন্ন অভিযোগ করছেন। তারা বলছেন, উড়াল সেতুর নির্মাণ কাজ নিয়ে দীর্ঘদিন ধরে গড়িমসি হচ্ছে। সেতুর নকশাতেও ক্রুটি আছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আশ্বাস দেন, সেতুর নির্মাণকাজে কারো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।