৫০০তম গোলের জন্য অপেক্ষা বাড়লো মেসির


প্রকাশিত: ১০:৩৫ পিএম, ০২ এপ্রিল ২০১৬

কোনো একটা স্মরণীয় মাইলফলকে পৌঁছার জন্য কোনো স্মরণীয় ম্যাচকেই হয়তো বাছাই করে নেন কিংবদন্তীরা। লিওনেল মেসিও টার্গেট করেছিলেন, এল ক্ল্যাসিকোতেই ক্যারিয়ারের ঈর্ষণীয় ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস, এই ম্যাচে রিয়ালের জালে গোলের জন্য শটই নিতে পারলেন না তিনি। রিয়ালের এক কাসেমিরোর পকেটেই বন্দী ছিল মেসি। নেইমারও পারেননি তার জাল ছিন্ন করতে।

দু’দিন আগেই আর্জেন্টিনার জার্সি গায়ে ৫০তম গোল করেছিলেন মেসি। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে তার নামের পাশে এখন শোভা পাচ্ছে ৪৯৯ গোল। ক্লাব এবং জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৬২৮ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে ১০৭ এবং বার্সার হয়ে ৫২১ ম্যাচ।

২০০৪ সালে বার্সার সিনিয়র দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত গোল করেছে ৪৪৯টি। এর মধ্যে ৩০৭টি লা লিগা, ৮৩টি চ্যাম্পিয়ন্স লিগে, ৩৯টি কোপা ডেল রে’তে, ১১টি স্প্যানিশ সুপার কাপ, ৩টি উইরোপিয়ান সুপার কাপ এবং ৫টি গোল করেছেন ক্লাব বিশ্বকাপে।

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় দলের হয়ে ৫০তম গোল করার পর বার্সা কোচ লুইস এনরিকে বলেছিলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেই  ৫০০ তম গোল করবেন মেসি। কিন্তু ন্যু ক্যাম্পেই রিয়াল কোচ জিদান মেসি-নেইমার-সুয়ারেজের জন্য এতটাই জাল পেতে দিয়েছিল যে, সেই জাল ভেদ করে আর গোলমুখ পর্যন্ত যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। সুতরাং, ৫০০ গোলের অপেক্ষা বাড়লো মেসির।

আইএইচএস/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।