চেলসির নতুন কোচ হলেন আন্তোনিও কন্তে


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

খবরটা জানাই ছিল শুধু বাকি ছিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার। সেটাও এসে গেলো। আগামী মওসুমে চেলসির নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন বর্তমান ইতালির কোচ আন্তোনিও কন্তে। ইতালির হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ করার পরেই চেলসির দায়িত্ব নিবেন তিনি। এর আগে জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন এই ইতালিয়ান।

কোচ হওয়ার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে কন্তে বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত চেলসি ফুটবল ক্লাবের কোচ হতে পেরে। একইসঙ্গে আমার দেশের জাতীয় ফুটবল দলের কোচ হতে পেরে গর্বিত এবং আশা করছি চেলসির হয়েও গর্বিত হতে পারবো।’

পঞ্চম ইতালিয়ান কোচ হিসেবে চেলসির দায়িত্ব নিচ্ছেন কন্তে। তার আগে জিয়ানলুকা ভিয়াল্লি, ক্লদিও রানেইরি, কার্লো আরচেলত্তি এবং রবার্তো ডি মাত্তেও চেলসির দায়িত্বে ছিলেন। ডি মাত্তেও তো চেলচিকে প্রথম এবং একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন। আন্তোনিও কন্তে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন বছরে জুভেন্টাসকে এনে দিয়েছেন হ্যাটট্রিক সিরি-এ লিগ শিরোপা।

আন্তোনিও কন্তে রাশিয়ান ধনকুবের রোমান আব্রাহামোভিচের অধীনে নবম চেলসি কোচ। প্রিমিয়ার লিগ অন্যান্য লিগের তুলনায় অনেক কঠিন সেটাও মেনে নিয়েছেন কন্তে। গাস হিডিংকসকেও ধন্যবাদ জানাতে কুন্ঠাবোধ করেননি তিনি। ‘যেভাবে দলকে ডিসেম্বর থেকে খেলিয়ে যাচ্ছে সে জন্য আমি গাস হিডিংকসকে ধন্যবাদ দিতে চাই। আমি ক্লাবে এসে সবার সাথে কথা বলবো তারপর প্রত্যেকদিনের চ্যালেঞ্জ গ্রহণ করবো প্রিমিয়ার লিগের।’

আরআর/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।