ব্রাউজার থেকেই করা যাবে হোয়াটসঅ্যাপ ভিডিও‑অডিও কল
আজকাল কাজের ব্যস্ততার মধ্যেও যোগাযোগ যেন আর কখনো থেমে না থাকে ঠিক সেই চাহিদাকে টার্গেট করে হোয়াটসঅ্যাপ ওয়েব এবার আরও শক্তিশালী হচ্ছে। ডেস্কটপ বা ল্যাপটপের ব্রাউজার থেকেই এবার ব্যবহারকারীরা সরাসরি ভয়েস এবং ভিডিও কল করতে পারবেন, আর সেটা হবে সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ সুরক্ষায় কোনো ছাড় নেই। ফলে অফিসের কাজ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ বা জরুরি মিটিং সবকিছু এখন আরও সহজ এবং দ্রুত হয়ে যাবে।
এর আগ পর্যন্ত হোয়াটসঅ্যাপ ওয়েব ছিল মূলত মেসেজ পাঠানো, ছবি বা ডকুমেন্ট শেয়ার করার জন্য। ভয়েস বা ভিডিও কলের জন্য ব্যবহারকারীদের ফোন অথবা ডেস্কটপে আলাদা সফটওয়্যারের ওপর ভরসা করতে হতো। এবার সেই সীমাবদ্ধতা দূর হয়েছে। এক ক্লিকেই ব্রাউজার থেকে কল করা সম্ভব, যা ব্যবহারকারীদের সময় বাঁচাবে এবং কাজের গতি বাড়াবে।
এই নতুন ফিচার বিশেষভাবে কাজে আসবে তখন, যখন ব্যবহারকারী নিজস্ব ল্যাপটপ বা অফিস কম্পিউটার ব্যবহার করতে পারবেন না। শুধু যে কোনো পাবলিক বা শেয়ার্ড কম্পিউটার খুললেই একক ভয়েস বা ভিডিও কল করা যাবে। তবে আপাতত গ্রুপ কলের ক্ষেত্রে ফোন বা পিসি সফটওয়্যারের ওপরই নির্ভর থাকতে হবে। কিন্তু শিগগির সর্বাধিক ৩১ জনের গ্রুপ কল এবং ব্রাউজার থেকে স্ক্রিন শেয়ারিং-এর সুবিধা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ হোয়াটসঅ্যাপ ওয়েবকে কেবল মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং অফিস বা প্রফেশনাল কাজে ব্যবহারের জন্য শক্তিশালী টুলে পরিণত করবে। আগে গুগল মিট, জুম বা মাইক্রোসফট টিমসের মতো পরিষেবার প্রতিযোগিতা করতে গেলে ব্যবহারকারীদের আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো। এখন সেই বাধা দূর হওয়ায় হোয়াটসঅ্যাপ ওয়েব সরাসরি প্রতিযোগিতায় নামতে পারবে।
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছেন নাকি নেটওয়ার্কে সমস্যা জানুন এক ক্লিকে
হোয়াটসঅ্যাপে এখন মেসেজ শিডিউল করতে পারবেন
কেএসকে