বিপদ এড়াতে সার্ভিসিংয়ে দেওয়ার আগে ফোনের এই সেটিংস অন করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১২ মার্চ ২০২৬
মেরামতের সময় ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ তথ্যের ভাণ্ডার। ব্যাংক অ্যাপ, ব্যক্তিগত ছবি, মেসেজ, ই-মেইল সবকিছুই এই ছোট্ট ডিভাইসেই সংরক্ষিত থাকে। তাই ফোনে কোনো সমস্যা হলে সেটি সার্ভিস সেন্টারে দিতে অনেকেরই অস্বস্তি হয়।

কারণ মেরামতের সময় অন্য কেউ যদি ফোনের ভেতরের তথ্য দেখতে পায়, তাহলে ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। এই সমস্যার সমাধান হিসেবে অনেক স্মার্টফোন নির্মাতা এখন রিপেয়ার মোড বা মেইনটেন্যান্স মোড নামে বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করেছে।

এই ফিচার চালু থাকলে সার্ভিস সেন্টারের কর্মীরা ফোনের প্রয়োজনীয় হার্ডওয়্যার পরীক্ষা করতে পারবেন, যেমন ক্যামেরা, স্পিকার বা ডিসপ্লে ঠিকভাবে কাজ করছে কি না। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন ছবি, ভিডিও, কন্টাক্ট, মেসেজ বা ই-মেইল তাদের জন্য অদৃশ্য হয়ে থাকবে। ফলে ফোন মেরামতের কাজও হবে, আবার আপনার ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত থাকবে।

বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ডে এই ফিচার চালুর পদ্ধতি কিছুটা আলাদা। যেমন আইফোন ব্যবহারকারীরা সেটিংসের জেনারেল অপশনে গিয়ে ‘প্রিপেয়ার ফর রিপেয়ার’ নামে একটি অপশন পাবেন, যেটি চালু করলেই ফোন রিপেয়ার মোডে চলে যায়। একইভাবে স্যামসাং ফোনে সেটিংস থেকে ‘ডিভাইস কেয়ার’-এর মধ্যে ‘মেইন্টেনেন্স মোড’ সক্রিয় করা যায়।

অন্যদিকে ওয়ানপ্লাস ফোনে ‘প্রাইভেসি’ সেকশনে গিয়ে ‘রিপেয়ার মোড’ চালু করার অপশন পাওয়া যায়। গুগলের গুগল পিক্সেল ডিভাইসেও সেটিংস থেকে সরাসরি ‘রিপেয়ার মোড’ সার্চ করে সক্রিয় করা যায়। এছাড়া ভিভো এবং রেডমি ফোনেও প্রাইভেসি সেটিংসের ভেতরে একই ধরনের নিরাপত্তা ফিচার রয়েছে।

তবে রিপেয়ার মোড চালু করার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ফোনের সব ডাটা ব্যাকআপ নেওয়া। কারণ অনেক সময় বড় ধরনের হার্ডওয়্যার সমস্যার কারণে টেকনিশিয়ানদের ফোনটি ফ্যাক্টরি রিসেট করতে হতে পারে। তখন ব্যাকআপ না থাকলে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে।

ফোন মেরামত হয়ে ফিরে আসার পর ব্যবহারকারী নিজের পাসওয়ার্ড দিয়ে সহজেই রিপেয়ার মোড বন্ধ করতে পারবেন। তখন ফোন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সব ডেটা আগের মতোই ব্যবহার করা যাবে। ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ধরনের ফিচার ব্যবহার করলে সেই নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করা সম্ভব।

আরও পড়ুন
কিউআর কোড আসল নাকি নকল বুঝবেন যেভাবে
এখন নোটপ্যাডেও পাবেন ইমেজ সাপোর্ট

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।