উন্নত এআই প্রযুক্তি আগে দেখবে যুক্তরাষ্ট্র প্রশাসন, পরে আসবে বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ এএম, ০৬ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে এআই নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলছে

গুগল, মাইক্রোসফট এবং এক্সএআই যুক্তরাষ্ট্র সরকারের কাছে তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো আগাম ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে। এতে করে গুগল, মাইক্রোসফট এবং এক্সএআই তাদের নতুন তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো বাজারে ছাড়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের আগে থেকেই ব্যবহার ও পরীক্ষা করার সুযোগ পাবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগাধীন সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন (সিএআইএসআই) নতুন তৈরি হওয়া এসব এআই মডেল মূল্যায়ন করবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি মূলত জাতীয় নিরাপত্তা ও ঝুঁকি বিশ্লেষণের অংশ হিসেবে এসব প্রযুক্তি পর্যালোচনা করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, এসব কোম্পানি তাদের নতুন এআই মডেলগুলো সিএআইএসআই-এর কাছে সরবরাহ করবে, যেখানে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বিধিনিষেধ আংশিক বা সম্পূর্ণভাবে শিথিল করা হতে পারে, যাতে মডেলগুলোর সক্ষমতা ও ঝুঁকি আরও গভীরভাবে বিশ্লেষণ করা যায়।

সিএআইএসআই-এর পরিচালক ক্রিস ফাল জানান, উন্নত এআই প্রযুক্তি বোঝার জন্য কঠোর বৈজ্ঞানিক মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, জাতীয় নিরাপত্তার দিক থেকে এ ধরনের সহযোগিতা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রে এআই নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের এআই মডেলগুলো বাজারে আসার আগে সরকারি পর্যায়ে পর্যালোচনার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, বড় প্রযুক্তি কোম্পানিগুলোর এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে শিল্পখাতের সহযোগিতা আরও বাড়াবে, তবে একই সঙ্গে এআই নিয়ন্ত্রণ, নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কও তৈরি করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র প্রশাসন নতুন এআই মডেলগুলো ভুল তথ্য ছড়াতে পারে কি না বা জাতীয় নিরাপত্তার জন্য কোনো বিপদ তৈরি করতে পারে কি না; তাও দেখবে।

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুন
ডিজিটাল ডিভাইস শিশুর জন্য যেন মরণফাঁদ
চ্যাটজিপিটি দিয়ে ঘরে বসেই আয় করতে পারবেন

শাহজালাল/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।