আপডেটের ঝামেলা কমবে, উইন্ডোজে আসছে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ এএম, ২৮ এপ্রিল ২০২৬
উইন্ডোজ ১১ আপডেটে এখন কোনো ঝামেলা পোহাতে হবে না

 

দীর্ঘদিন ধরেই মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের একটি সাধারণ অভিযোগ ছিল গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে হঠাৎ করেই সিস্টেম আপডেট শুরু হয়ে যাওয়া। অনেক সময় ল্যাপটপ বা কম্পিউটার রিস্টার্ট নিয়ে কাজের ব্যাঘাত ঘটাত, যা ছিল বেশ বিরক্তিকর। এই সমস্যার সমাধান করতেই নতুন কিছু পরিবর্তন আনছে মাইক্রোসফট, যা ইউজারদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দেবে।

নতুন আপডেটের ফলে এখন আর সঙ্গে সঙ্গে উইন্ডোজ আপডেট ইনস্টল করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে আপডেটকে ৩৫ দিন পর্যন্ত স্থগিত রাখতে পারবেন। প্রয়োজন হলে এই সময়সীমা আবারও বাড়ানো যাবে। ফলে নিজের কাজের সুবিধামতো সময় বেছে নিয়ে আপডেট করার সুযোগ মিলবে, যা অনেকের জন্যই স্বস্তির খবর।

আগে নতুন কম্পিউটার বা ল্যাপটপ সেটআপ করার সময় আপডেট ইনস্টল করা বাধ্যতামূলক ছিল। তবে এখন সেই নিয়মেও পরিবর্তন এসেছে। ব্যবহারকারীরা প্রথমে অ্যাকাউন্ট সেটআপ করে নিতে পারবেন, এরপর সুবিধামতো সময়ে আপডেট সম্পন্ন করতে পারবেন। এতে করে নতুন ডিভাইস ব্যবহার শুরু করাও হবে আরও সহজ ও ঝামেলামুক্ত।

এছাড়া ‘আপডেট অ্যান্ড রিস্টার্ট’ বা ‘আপডেট অ্যান্ড শাট ডাউন’ অপশনগুলোও আগের মতো আর বাধ্যতামূলক থাকছে না। এখন ব্যবহারকারীরা সাধারণভাবে ডিভাইস বন্ধ বা রিস্টার্ট করতে পারবেন এবং পরে আপডেট করার সিদ্ধান্ত নিতে পারবেন। ফলে কাজের মাঝে হঠাৎ বিঘ্ন ঘটার সম্ভাবনা কমে যাবে।

এর পাশাপাশি, আগে অনেক সময় সিস্টেম নিজে থেকেই আপডেট শুরু করত, যা সবসময় প্রয়োজনীয় না হলেও বন্ধ করার উপায় থাকত না। নতুন পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা এখন নিজেরাই ঠিক করতে পারবেন কখন আপডেট করবেন এবং কখন করবেন না। এতে করে ডিভাইস ব্যবহারে আরও স্বাধীনতা আসবে।

এই নতুন ফিচারগুলো প্রথমে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম ও ডেভ চ্যানেলের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এরপর ধাপে ধাপে উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনগুলো উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলবে।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।