হোটেলে অন্যের আপত্তিকর ভিডিও ধারণ করায় শ্রীলঙ্কার দুই ক্রিকেটার আটক
গুরুতর অভিযোগ উঠেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারের ওপর। হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ করার অভিযোগে ওই দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে গ্রেফতারের পর আদালতে আনা হলে ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
ইএসপিএনক্রিকইনফো তাদের খবরে জানিয়েছে, সপ্তাহের শুরুতে নারাহেনপিতার একটি হোটেলে অবস্থান করা কয়েকজন নারী অতিথি অভিযোগ করেন, বাথরুমে থাকার সময় গোপনে মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করা হচ্ছিল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত ক্রিকেটারদের আটক করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরপই ব্যবস্তা গ্রহণ করে পুলিশ। বর্তমানে নারাহেনপিতা পুলিশ তদন্ত করে দেখছে যে, ভিডিওগুলোর অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না। প্রাথমিক শুনানির জন্য খেলোয়াড়দের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আগামী ২৫ মে তাদের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত মন্তব্য করেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কেউই।
তবে টানা দুই দিন ধরে অস্থির পরিস্থিতির মধ্যেই সময় কাটিয়েছে এসএলসি। শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ডকে সরিয়ে দিয়ে দেশটির সরকার সেখানে একটি ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে।
আইএন