রিমোটের এই বোতাম অন রাখলে সারারাত এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমে
গরমের সময়ে এখন এসি ছাড়া থাকা অনেকের কাছেই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এমনকি রাতেও গরমের তীব্রতা খুব একটা কমছে না। ফলে আরামদায়ক ঘুমের জন্য অনেকেই ঘরে এসির ওপর নির্ভর করছেন, কারণ এটি ঘরের ভেতরের তাপমাত্রা স্বস্তিদায়ক রাখতে সাহায্য করে।
অনেক ব্যবহারকারীই রাতে ঘুমানোর সময় এসির স্লিপ মোড চালু করেন। তবে এই ফিচারের কাজ করার ধরন ব্র্যান্ড ও মডেলভেদে ভিন্ন হতে পারে। এখন দেখা যাক, স্লিপ মোড আসলে কীভাবে কাজ করে এবং এটি কুলিং ও বিদ্যুৎ ব্যবহারে কী ধরনের প্রভাব ফেলে।
স্লিপ মোড কীভাবে কাজ করে?
আধুনিক এসিগুলোতে স্লিপ মোড একটি সাধারণ ফিচার হিসেবে থাকে। কিছু মডেলে এটি নির্দিষ্ট সময় পর এসিকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়, ফলে ঘুমের মধ্যে আলাদা করে এসি বন্ধ করার দরকার পড়ে না। আবার কিছু উন্নত মডেলে স্লিপ মোড ধীরে ধীরে তাপমাত্রা পরিবর্তন করে। এতে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার ঝুঁকি কমে এবং রাতভর একটি স্থিতিশীল আরামদায়ক পরিবেশ বজায় থাকে।
তাপমাত্রা ও কুলিংয়ের পরিবর্তন
উন্নত স্লিপ মোডে এসি ধীরে ধীরে কুলিং কমিয়ে দেয়। কারণ দীর্ঘ সময় একই তাপমাত্রায় ঠান্ডা থাকলে অনেক সময় শরীরের জন্য অস্বস্তি তৈরি হতে পারে। এই ফিচার ঘুমের সময় স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি পরিবেশ ধরে রাখে, যাতে ঘুম বারবার ভেঙে না যায়।
ফ্যান স্পিড ও শব্দ নিয়ন্ত্রণ
কিছু এসিতে স্লিপ মোড চালু হলে ফ্যানের গতি ধাপে ধাপে কমে যায়। এতে শুধু বিদ্যুৎ খরচই কমে না, এসির শব্দও অনেকটা কমে আসে। ফলে ঘুমের পরিবেশ আরও শান্ত ও আরামদায়ক হয়। কিছু ক্ষেত্রে টাইমার ফাংশনের সঙ্গে একসাথে এই মোড ব্যবহার করা যায়, যা নির্দিষ্ট সময় পর এসি বন্ধ করে দেয়।
বিদ্যুৎ খরচে প্রভাব
স্লিপ মোডের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি হলো বিদ্যুৎ সাশ্রয়। যেহেতু এই মোডে এসি সবসময় পূর্ণ ক্ষমতায় চলে না, তাই তুলনামূলকভাবে কম বিদ্যুৎ ব্যবহার হয়। এতে দীর্ঘ সময় এসি চালালেও বিদ্যুৎ বিল কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এবং মেশিনের ওপর চাপও কম পড়ে।
কেএসকে