শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে অ্যান্টিভাইরাস
‘বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি’ সফটওয়্যার বাংলাদেশে বিপণন শুরু করেছে রোমানিয়ান কোম্পানি বিট ডিফেন্ডার। সম্প্রতি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এ সফটওয়্যারের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করে। দেশের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এ ধরনের একটি অ্যান্টিভাইরাস উন্মুক্ত করা হলো।
অ্যান্টিভাইরাসটির সর্বশেষ সংস্করণের দাম ধরা হয়েছে একক ব্যবহারকারীর জন্য ৩৬৫ টাকা। প্রতিষ্ঠানটি মনে করে, সফটওয়্যারটির ব্যবহারে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা আরো নিশ্চিত করবে।
দেশব্যাপী খুচরা বিক্রয়ের দোকানগুলোয় শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ‘বিট ডিফেন্ডার ইন্টারনেট সিকিউরিটি’ উল্লিখিত দামে কিনতে পারবেন।