গুগলের বিরুদ্ধে উইকিলিকসের অভিযোগ
টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে অভিযোগ করেছে গোপন মার্কিন নথি ফাঁস করে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস। এতে তিন বছর যাবৎ অনুমতি ছাড়া উইকিলিকসের ইমেইল ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের ইলেক্ট্রনিক ডাটা মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার উইকিলিকসের আইনজীবী গুগল ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেন। এতে উইলিকসকর্মীদের `সাংবাদিকতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে` বলে উল্লেখ করা হয়।
এ অভিযোগের বিষয়ে উইকিলিকসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, `২০১২ সালের ৫ এপ্রিল গুগল এসব তথ্য মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে দেয়; কিন্তু ২০১৪ সালের ২৩ ডিসেম্বরের আগ পর্যন্ত তারা এ বিষয়ে উইলিকসকে কিছুই জানায়নি।`
উইকিলিকসের এমন অভিযোগের ব্যাপারে গুগল বলছে, `অন্য সব প্রতিষ্ঠানের মতোই আমরা আইন মেনে চলি। তবে কোনো আদালত যখন আমাদেরকে তলব করেন তখন অভিযোগ করার আগে সব ধরনের আইনি পদ্ধতি মানা হয়েছে কি-না, তা খতিয়ে দেখি আমরা। এমন ক্ষেত্রে আমাদের পক্ষে কথা বলার জন্য আইনজীবীও রয়েছেন।`
২০১০ সালে মার্কিন সেনাবাহিনীর ইরাক ও আফগান যুদ্ধ বিষয়ক নথি এবং বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের বিনিময় করা প্রায় ৫ লাখ গোপন নথি ফাঁস করে দেয় উইকিলিকস। এরপর থেকেই মার্কিন কর্তৃপক্ষ ওয়েবসাইটটির বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করে আসছেন এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
২০১২ সাল থেকে অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রয়েছেন। তার বিরুদ্ধে সুইডেনের দুই নারী ধর্ষণের অভিযোগ এনেছেন। তবে অ্যাসাঞ্জের দাবি, সুইডেনে গেলে ধর্ষণের অজুহাতে গ্রেফতারের পর তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে।
এআরএস