কিউআর কোড সিঙ্ক বইয়ের ই-মোড়ক উন্মোচন
উন্মোচন হল ‘খেলায় সেরা বিশ্বসেরা’ নামে দেশের প্রথম কিউআর কোড সিঙ্ক বই। বুধবার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ নিজ কার্যালয়ে বইটির ডিজিটাল ই-মোড়ক উন্মোচন করেন। আসছে অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশন।
বইটিতে খেলার ভুবনের ৩৫ জন আলোচিত ক্রীড়া ব্যক্তিত্বের সাফল্যের স্বপ্নগাথার ভাষান্তর করেছেন জাহিদ হোসাইন খান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, অনলাইনে বই পড়ার স্বাদকে নান্দনিক উপায়ে বাস্তব জগতে আনতে পারার এই চেষ্টা নিঃসন্দেহে দারুণ এক চ্যালেঞ্জ। ‘খেলায় সেরা বিশ্বসেরা’ বইটি প্রকাশনা সংশ্লিষ্টদের পাঠকদের জন্য দারুণ এই ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানাই।
তরুণদের বইপড়ার আগ্রহের উপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী জানান, দেশে এখন শুধু স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দুই কোটির উপরে। আর ৩৫ বছরের নিচে তারুণ্যের সংখ্যা ৫ কোটির বেশি। তথ্যপ্রযুক্তির সঙ্গে তালমিলিয়েও তরুণদের বই পড়ার দিকে মনযোগ দেয়া উচিত। ‘খেলায় সেরা বিশ্বসেরা’ বইয়ে অনলাইন আর অফলাইন দু মাধ্যমের বই পড়ার স্বাদ পাবেন তরুণরা। বইয়ের দুনিয়াতেও যে দারুণভাবে কিউআর কোড প্রযুক্তির সংযোজন করা সম্ভব তা বাংলাদেশ থেকেই বড় আকারে প্রমাণ করা গেল।
জাহিদ হোসাইন খান অনলাইনের মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অ্যাম্বাসেডর। বইটিতে ইংরেজি, ফরাসী, জার্মান ও স্প্যানিশ ভাষা থেকে খেলার দুনিয়ার আলোচিত তারকাদের সাক্ষাৎকার ভাষান্তর করা হয়েছে। লেখক জানান, এর আগে পূর্ণাঙ্গ কিউআর কোড সিঙ্ক করা কোথাও প্রকাশের নজির দেখা যায়নি।
এটি বিশ্বের প্রথম বই যেখানে ব্যাপক মাত্রায় কিউআর কোডের মাধ্যমে বইয়ের বাইরে বইসংশ্লিষ্ট তথ্য, ভিডিওচিত্র সংযুক্ত করা হয়েছে। বর্তমানে সংবাদপত্র ও বিজ্ঞাপন জগতেই কিউআর কোডের মাধ্যমে বহিঃতথ্য গ্রহণের সুযোগ আছে। অনলাইনে কিছু পড়লে যেমন লিংকের পর লিংকে ক্লিক করে যাওয়া যায়, তেমনি `খেলায় সেরা বিশ্বসেরা বই` পড়ার সময় পাঠকরা স্মার্টফোনের মাধ্যমে এই সুযোগ পাবেন। ব্যাপক আকারে তথ্য ও ভিডিও লিংক বইয়ের সঙ্গে সম্পৃক্ত করতেই কিউআর কোড যোগ করা হয়েছে বইটিতে।
এসআই/এএইচ/আরআই