আলিবাবায় চীনের তৈরি নকল অ্যাপল ওয়াচ


প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৪ মার্চ ২০১৫

গত সেপ্টেম্বরে প্রথম অ্যাপল ওয়াচ আনার ঘোষণা দেয় মার্কিন শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ৯ তারিখ পণ্যটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়, যা আগামী ২৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। কিন্তু এরই মধ্যে চীনের বাজার ভরে গেছে অ্যাপল ওয়াচের নকল সংস্করণে। খবর এপি।

ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক অ্যাপল জানায়, আগামী ১০ এপ্রিল থেকে চীনের বাজারে অ্যাপল ওয়াচের প্রি-অর্ডার নেয়ার কথা প্রতিষ্ঠানটির। একই সময় যুক্তরাষ্ট্রসহ জাপান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকেও প্রি-অর্ডার নেয়ার কথা। কিন্তু এরই মধ্যে চীনের মতো বড় প্রযুক্তি বাজারে অ্যাপল ওয়াচের নকল সংস্করণ আসায় প্রতিষ্ঠানটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

চীনের আলিবাবা গ্রুপের ই-কমার্স সাইট টাওবাওয়ে ব্লুটুথ ব্রেসলেটসহ অ্যাপল ওয়াচের বিজ্ঞাপন দেয়া হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাপলের পরিধেয় পণ্যটির চায়নিজ সংস্করণে টেক্সট মেসেজিং ও মিউজিক প্লেয়ার ফিচার রয়েছে। নকল অ্যাপল ওয়াচের দাম নির্ধারণ করা হয়েছে ২৮৮ ইউয়ান। যেখানে অ্যাপল ওয়াচের সবচেয়ে সাশ্রয়ী সংস্করণটির মূল্য ৩৪৯ ডলার।

এ বিষয়ে আলিবাবা এক বিবৃতিতে জানায়, টাওবাও ব্যবহার করে নকল পণ্যের প্রচার-প্রচারণা ও বেচা-কেনা রোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে চীন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।