বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপের যে ফিচার
হোয়াটসঅ্যাপ আবারও তাদের ফিচার সেটে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয় অ্যাভাটার ফিচারটি ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি। কারণ হলো, ফিচারের জনপ্রিয়তা কমে যাওয়া।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ডিজিটাল অবতার তৈরি করতে পারতেন। মুখের গঠন, চুলের ধরন, পোশাক ও বিভিন্ন এক্সপ্রেশনের সমন্বয়ে একটি ভার্চুয়াল চরিত্র তৈরি করে সেটি প্রোফাইল ছবি কিংবা স্টিকার হিসেবে ব্যবহার করার সুযোগ ছিল।
তবে এখন থেকে নতুন করে আর অ্যাভাটার তৈরি বা সম্পাদনা করা যাবে না। ধীরে ধীরে এই ফিচারটি অ্যাপের বিভিন্ন অংশ যেমন সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ড থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে ভবিষ্যতে এটি পুরোপুরি আর দেখা যাবে না।
শুরুতে হোয়াটসঅ্যাপ এই ফিচারটিকে ব্যাপকভাবে প্রচার করেছিল এবং ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ তৈরি করার চেষ্টা করেছিল। স্টিকার ও অ্যানিমেশন যুক্ত করে চ্যাটিংকে আরও আকর্ষণীয় করার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু সময়ের সঙ্গে দেখা যায়, ফিচারটি প্রত্যাশিত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
অনেক ব্যবহারকারী এখনও প্রোফাইল ছবিতে বাস্তব ছবি, সাধারণ ইমোজি বা প্রচলিত স্টিকার ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে ব্যবহারকারীর কম আগ্রহই এই ফিচার বন্ধের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, পরিবর্তনটি একসঙ্গে সব ব্যবহারকারীর জন্য আসছে না। ধাপে ধাপে এটি রোলআউট করা হচ্ছে। কিছু ব্যবহারকারী এরই মধ্যেই অ্যাপে নোটিফিকেশন পাচ্ছেন যে অ্যাভাটার এডিট করার অপশন আর নেই, আবার কারও ক্ষেত্রে পুরো সেকশনটাই উধাও হয়ে গেছে।
তবে যাদের আগে থেকেই অ্যাভাটার স্টিকার সংরক্ষিত আছে, তাদের জন্য একটি স্বস্তির বিষয় রয়েছে। এসব স্টিকার মুছে যাবে না এবং ‘রিসেন্ট’ বা ‘ফেভারিটস’ অংশে থেকে যাবে, ফলে সেগুলো ব্যবহার করা যাবে আগের মতোই।
হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্ত থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তারা এখন এমন ফিচারগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে চাইছে যেগুলো ব্যবহারকারীরা নিয়মিতভাবে বেশি ব্যবহার করেন।
- আরও পড়ুন
হোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে
হোয়াটসঅ্যাপের সব চ্যাট পড়তে হবে না, সামারি জানাবে অ্যাপ
কেএসকে