ইউটিউবে ২০ কোটি বার দেখা হয়েছে যে ভিডিও
অস্ট্রেলিয়ার এক কমেডি গ্রুপের তৈরি করা ভিডিও ইউটিউবে ২০ কোটি বার দেখা হয়েছে। এর আগে কোনো কমেডি ভিডিও এতবার দেখা হয়নি। ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হারে ভিডিওটি দেখা হচ্ছে তাতে এটি আরও বড় কোনো রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বোহেমিয়ান কারসোডি নামের ওই ভিডিওটি তৈরি করেছেন অস্ট্রেলিয়ার তিন মডেল।
এরা হলেন শাও-লি শ্যাক্লেফোর্ড, লানা কিংটন ও ম্যাডিসন লিওড। এর আগে তারা মাইম থ্রু টাইম নামের একটি ভিডিও তৈরি করেন। এটিও বেশ সাড়া জাগায়। গ্রুপটি মূলত বিভিন্ন বিখ্যাত শিল্পী ও ব্যান্ডের গানের সুরে হাস্যরসাত্মক কথা যোগ করে ভিডিও তৈরি করে থাকে।
ডেইলি টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, বোহেমিয়ান কারসোডি ইতিমধ্যে ইউটিউবে ১৯ কোটিবার ও ফেসবুকে কয়েকশ মিলিয়নবার দেখা হয়েছে।
ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে শাও-লি শ্যাক্লেফোর্ড জানিয়েছেন, কোনো বিশেষ দেশ বা মহাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিওটি দেখে আমাদের কাছে বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় বেশিরভাগ ভক্ত তাদের ভালোলাগার কথা জানিয়েছেন।
এএইচ/এআরএস/এমএস