সাঈদ খোকনের ওয়েবসাইট হ্যাক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র সাঈদ খোকনের ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা। বিজয়ের বার্তা দেয়ার পরেই হামলার শিকার হলো নির্বাচন উপলক্ষে তার নিজের নামে খোলা ওয়েবসাইট সাইদখোকন.কম (sayeedkhokon.com)।
ওয়েবসাইটটি হ্যাক করে নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে সাইবার স্পেসের উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করার আহবান জানিয়েছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ ‘সাইবার ৭১’।
হ্যাক করলেও ওয়েবসাইটের হোম পেজে কোনো পরিবর্তন কিংবা প্রবেশে বাঁধা সৃষ্টি করেনি হ্যাকার দলটি। কেবল খবরের ট্যাব-এর শীর্ষে একটি বার্তা জুড়ে দেয়া হয়েছে।
২৯ এপ্রিল তারিখের ওই বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার ৭১ এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাইবার স্পেসের উন্নতি এবং সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। এটাই আপনার প্রতি আমাদের তরুণ প্রজন্মের একান্ত দাবি।”
গত বুধবার সাইটটি হ্যাক করা হলেও শনিবার পর্যন্ত তা সচল করা হয়নি।
এআরএস/পিআর