বাংলা উইকিপিডিয়ার দশম বছর পূর্তি উদযাপিত
ঢাকায় হয়ে গেল বাংলা উইকিপিডিয়ার দশ বছর পূর্তি উদযাপন। ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) এক দশক পূর্তি উপলক্ষে ৩০ মে শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নানা আয়োজন।
উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা ‘উইকিমিডিয়া বাংলাদেশ’র উদ্যোগে ‘বাংলা উইকিপিডিয়া দশম বছর পূর্তি উদযাপন’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহযোগিতা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময়ে তিনি বলেন, তরুনদের হাত ধরে বাংলায় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় তথ্য যোগ হচ্ছে যা তথ্য পাওয়ার ক্ষেত্রে দারুন একটা উপায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে বিনামূল্যে তথ্য পাওয়া যায় এবং চাইলে নিজেও তথ্য যোগ করা যায়। পাশাপাশি গুগল সার্চে সবার আগেই আসে উইকিপিডিয়া। আমরা চাই আমাদের ভাষার এ উইকিপিডিয়ার পূর্ণাঙ্গ সকল তথ্য আমরা বাংলা উইকিপিডিয়ায় যুক্ত করতে পারবো।
অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুর রহমান ও উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের পরিচালক নুরুন্নবী চৌধুরী হাছিব।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন কর্মশালায় স্বেচ্ছাসেবক ও অবদানকারীদের উইকিপিডিয়াতে তথ্য সমৃদ্ধ করন, নিবন্ধ সম্পাদনা, ছবি যোগ করাসহ বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে সেমিনার ও কর্মশালা আয়োজন করা হয়। এসব আয়োজন পরিচালনা করেন উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ আলী হায়দার খান (তন্ময়), সদস্য শাবাব মুস্তাফা, নাসির খান সৈকত, তানভির মোর্শেদ ও পরিচালক নাহিদ সুলতান।
অনুষ্ঠানে ভারতের কলকাতার বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকরা অংশ নেন। অনুষ্ঠানে উইকিপিডিয়ার দশবছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ছবি প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা উইকিপিডিয়ানদের সম্মাননা প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, কথা সাহিত্যিক ও লেখক আনিসুল হক। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডি এ এস এম মাহবুবুল হক মজুমদার, পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্য মো. এমরান হোসেন, ব্যবসায় অনুষদ বিভাগের প্রধান মাসুম ইকবাল, উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০ বছর পূর্তি উপলক্ষে এর আগে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘উইকিপিডিয়া সম্পাদক সমাবেশ’। এতে বাংলা উইকিপিডিয়া তথ্য যোগ করার নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ উইকিপিডিয়া কর্মশালা।
এআরএস/আরআইপি