কৃষককে পাশে বসিয়ে কথা শুনলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৬ মে ২০২৬

দীর্ঘদিন পর চাঁদপুর সফরে এসে কৃষকদের সঙ্গে আন্তরিকতা ও উন্নয়ন ভাবনার বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও সমাবেশে যোগ দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত কৃষক সাইফুল ইসলাম লিটনকে ডেকে নিজের পাশে বসিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রধানমন্ত্রীর পাশে বসতে পেরেছি এবং আমার কথা বলার সুযোগ হয়েছে। এটি জীবনের একটি স্মরণীয় মুহূর্ত।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে রয়েছে। তবে এখানেই থেমে থাকতে চাই না। আমরা চাই দেশকে আরও খাদ্যসমৃদ্ধ করতে, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।

এ সময় নারী শিক্ষার প্রসারে মেয়েদের স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ সরকারের বলে জানান। তার এ ঘোষণায় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এদিকে, খোদ্দ খাল পুনঃখনন ও সমাবেশ কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী, কৃষক, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই সমাবেশস্থলে মানুষের ঢল নামে।

শরীফুল ইসলাম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।