ঢাবিতে ক্যাম্পাস তথ্যপ্রযুক্তি উৎসব শুরু


প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩১ মে ২০১৫

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস তথ্যপ্রযুক্তি উৎসব। দুই দিনের এই আয়োজনে সারাদেশের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৭ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমী অংশ নিচ্ছেন। উৎসবটি আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

রোববার দুপুরে ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে উৎসবের উদ্বোধন করেন সংগঠনের মডারেটর ও টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শফিউল আলম ভূইয়া।

শফিউল আলম ভূইয়া বলেন, সম্প্রতি দেশজুড়ে নারী সহিংসতার বিরুদ্ধে ফেসবুক, টুইটার, ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এসব সংকট মোকাবেলায় নতুন নতুন অ্যাপস এবং সফটওয়ার উদ্ভাবন করারও আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান এবং বর্তমান সাধারণ সম্পাদক মাফরুহুর রহমান। যুগ্ম সাধারন সম্পাদক কে এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডিইউআইটিএসের সাংগঠনিক সম্পাদক আরিফ ইবনে আলী।

এদিকে ‘আইসিটি ইন এডুকেশন’ শীর্ষক অন্য একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের অনুষ্ঠান সহকারী আসাদুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহযোগি অধ্যাপক ড. মামুনুর রশীদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিম্ফনির জেনারেল ম্যানেজার শাহরিয়ার সাত্তার এবং আইসিটি জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি কাউসার উদ্দীন।    

‘মিট দ্যা পার্সোনালিটি’ পর্বে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী মিথিলা, পরিচালক রেদওয়ান রনি, এরিকসন বাংলাদেশের হেড অব মিডিয়া মেহনাজ কবির এবং ইন্টেলের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর।   

উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৭০টি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের প্রায় ১৭০০ শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী অংশ নিচ্ছেন। উৎসবের প্রথম দিনে রোববার ছিল শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, গেমিং, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা।

সোমবার সমাপনী অনুষ্ঠানে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করবেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জেআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।