জমকালো আয়োজনে গুগল আইও রিক্যাপ অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৪১ এএম, ১৩ জুন ২০১৫

গুগলের আয়োজনে অনুষ্ঠিত ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল। শুক্রবার বেলা ৩টায় রাজধানীসহ দেশের ৬টি শহরে একযোগে শুরু হয় ডেভেলপারদের সবচেয়ে বড় এই সম্মেলন। এই সম্মেলনে গুগল থেকে ঘুরে আসা পাঁচজন বাংলাদেশি কমিউনিটি ব্যবস্থাপক তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।

রাজধানীর কৃষিবিদ অনুষ্ঠানে এক হাজার ডেভেলপারের উপস্থিতিতে শেষ হয় মূল অনুষ্ঠানটি।  আর দেশের অন্য পাঁচটি শহরে স্থানীয় ডেভেলপাররা ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে স্থানীয় অনুষ্ঠানগুলোতে দেখানো হয়। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করার সুযোগ পায়।

গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান জানান পিয়াস বলেন, গুগল আইও হচ্ছে গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারা বিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয়েছে এই সম্মেলনে। এ বছর বাংলাদেশ থেকে ৫ জন অংশ নেন এই অনুষ্ঠানে।

নব নিযুক্ত বাংলাদেশ গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হাশমী রাফসান গুগল আইও রিক্যাপের মূল প্রবন্ধ তুলে ধরেন।

অনুষ্ঠানে জিডিজি বাংলার রিয়াদ হোসেন, জিডিজি ঢাকার আরিফ নেজামি, জিডিজি সোনারগাঁওয়ের আশরাফ আবির, জিবিজি সোনারগাঁয়ের সেলিম সাদমান পাঠান, জিডিজি বাংলার জাবেদ সুলতান বক্তব্য রাখেন।

এই আয়োজনে প্রাধান্য দেয়া হয় পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, ও গুগল ট্রান্সলেশন ইত্যাদির উপর। গুগলের কমিউনিটি - গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করে এ আয়োজনে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে  লাইভ ভিউয়িং পার্টির আয়োজন করা হয়। ভিউয়িং পার্টিগুলোতে আইও এর কিনোটসহ সেশনগুলো সরাসরি বড় পর্দায় দেখানো হয়। অনুষ্ঠানের শেষ অংশে ছিল জমকালো কনসার্টও।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।