মা ও শিশুর আরো নিরাপত্তা প্রয়োজন : আইএলও


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৯ মে ২০১৫

বিশ্বে মা ও শিশুর আরো সামাজিক নিরাপত্তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সম্প্রতি আইএলও’র নতুন দু’টি জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের ১৮৮ দেশে এই জরিপ চালানো হয়। মাতৃমৃত্যু রোধ এবং শিশু ও পরিবারের সুফলের ওপর এই জরিপ চালানো হয়।

রোববার মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হবে। আইএলও জরিপে বলা হয়, বিশ্বব্যাপী এখনো মা ও শিশুর জন্য সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে।

মা’র সামাজিক নিরাপত্তার ওপর পরিচালিত এক জরিপে বলা হয়েছে, মাত্র ৩৬ শতাংশ কর্মজীবী মহিলা তার মাতৃত্বকালীন ছুটির সময়ে আইনগতভাবে নগদ অর্থ সুবিধা পেয়ে থাকেন। মাতৃত্বকালীন ছুটি এখনো সর্বস্তরে কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। মাত্র ২৮ শতাংশ কর্মজীবী নারী এই সুবিধা পাচ্ছেন। শিশুদের জন্য সামাজিক নিরাপত্তার ওপর পরিচালিত অপর এক জরিপের ফলাফলে উদ্বেগজনক চিত্র দেখা গেছে। এতে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষুদ্র নগদ অর্থ হস্তান্তরের বিস্ফোরণ ঘটেছে। এতে পর্যাপ্ত পরিমাণ শিশু ও পরিবারের সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি বৈষম্য লক্ষ্য করা গেছে।

জরিপে আরো বলা হয়, ১০৮টি দেশে শিশু ও পরিবারের আর্থিক সুবিধার আইন রয়েছে। অথচ খুব স্বল্পসংখ্যক লোক এই সুবিধা পেয়ে থাকেন।

বাংলাদেশের ওপর পরিচালিত আইএলও’র জরিপে দেখা গেছে- মাতৃ নিরাপত্তায় গৃহীত পদক্ষেপে উন্নতি হয়েছে। এতে বলা হয়, সমাজে সুনির্দিষ্ট সংখ্যক নারীর মাতৃত্বকালীন সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যারা এর আগে ছিলেন সামাজিক নিরাপত্তাহীনতায়।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।