ক্যাপ্টেন ইমনের অপেক্ষায়!


প্রকাশিত: ১২:০২ পিএম, ৩০ মার্চ ২০১৬

নির্মাতা সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ইমন। ইমন অভিনীত বিগ বাজেটের এই ছবিটি সারা দেশব্যাপী মুক্তি পাবে আগামী ৮ এপ্রিল।

ছবিটিতে ইমনের বিপরীতে দেখা যাবে হালের আলোচিত অভিনেত্রী জয়া আহসানকে। একই সঙ্গে দেখা যাবে শাকিব খান ও মৌসুমি হামিদকে। আর এই ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ইমন।
emon
জাগো নিউজের সঙ্গে আলাপকালে ছবিটি প্রসঙ্গে ইমন বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবির জন্য নিজের মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছে। কারণ এ ছবির মাধ্যমে প্রথমবার রোমান্টিক ইমেজ ভেঙে পর্দায় ক্রিকেটার হিসেবে আসছি। ছবিতে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের চরিত্রে কাজ করেছি আমি।’

ইমন আরো বলেন, ‘এ ছবির মাধ্যমে কয়েকমাস পর আবারো পর্দায় আসছি। আমার সর্বশেষ ছবি মুক্তি পায় প্রয়াত চাষী নজরুল ইসলাম স্যারের ‘ভুল যদি হয়’ ছবিটি। সেটি ছিল প্রেমের ছবি। তবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবিতে আমি পুরোদস্তুর একজন ক্রিকেটার।’

ইমন আরো বলেন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ ছবির অন্যতম চমক হচ্ছে এখানে অভিনয় করতে দেখা যাবে কণ্ঠশিল্পী আসিফ আকবর ও ক্রিকেটার হাবিবুল বাশার সুমনকে। তাছাড়া আমার মত শাকিব ভাইকেও একজন ক্রিকেটার হিসেবে দেখা যাবে।’

সবমিলিয়ে নানা কারণে আলোচনায় থাকা‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ মুক্তির পর সবমহলে প্রশংসিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইমন।

এরআগে একই নির্মাতার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ চলচ্চিত্রটি মুক্তির পরপরই বেশ সাড়া ফেলে। সুপারহিটের তালিকায় চলচ্চিত্রটির নাম উঠে আসে। তারই ধারাবাহিকতা বজায় রাখবে রুম্মান রশীদ খানের কাহিনী ও সংলাপে নির্মিতব্য ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ চলচ্চিত্রটি। এখানে আরো অভিনয় করেছেন ওমর সানি, শহিদুল ইসলাম সাচ্চুসহ অনেকেই।  

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।