পুলিশের ধাওয়ায় মৃত্যু : ঘটনা ধামাচাপা দিতে নাটক


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৫ এপ্রিল ২০১৬

রংপুরে পুলিশের ধাওয়া খেয়ে সাঈদ (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর দেওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাঈদ রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের শালবাগান গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

এদিকে, পুলিশ এ ঘটনাকে ধামাচাপা দিতে নানা রকম নাটক করছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে সাঈদ মোটরসাইকেলে যাওয়ার সময় নগরীর দেওডোবা এলাকায় কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান ও পুলিশের সোর্স মশিউর তাকে ধাওয়া করে। এ সময় সাঈদ মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটি ধান ক্ষেতে পড়ে গিয়ে সেখানেই মারা যান সাঈদ। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশ দ্রুত সাঈদের মরদেহ তাদের গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে মৃত সাঈদের স্বজনদের ম্যানেজ করতে পুলিশের বেশ কয়েকজন সদস্য হাসপাতালের ডেড হাউজের পাশে অবস্থান নিয়ে চেষ্টা চালিয়েছেন। স্বজনরা যেন কোন অবস্থাতেই সাংবাদিকদের কোন তথ্য না দেয় সেজন্য তাদের নিষেধ করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল এলাকার একাধিক ব্যক্তি জানান। ফলে স্বজনরা সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি।

Rangpur

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এক ব্যক্তি মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে বদরগঞ্জ থেকে রংপুরে আসার সময় নগরীর ডেওডোবা এলাকায় পুলিশ তাকে চ্যালেঞ্জ করে মোটরসাইকেল থামাতে বলে। এতে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা ৫০ বোতল ফেনসিডিলসহ ব্যাগটি ধান ক্ষেতে ফেলে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বাকী ৪০ বোতল পাওয়া যায়নি। পরে তার পরিচয় জানতে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করা হলে কেউ চিনতে না পারায় তাকে অজ্ঞান অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।  

ওসি বলেন, হাসপাতালে আনার আগেই সম্ভবত তিনি মারা গেছেন। মৃত সাঈদের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা আছে।

এ ব্যাপারে এসআই মিজানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।