পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ মার্চ ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় ফসলের মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে শৈলকুপার উপজেলার খড়িবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খড়িয়াবাড়িয়া গ্রামের সমির বিশ্বাস (৪০) ও একই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)।

স্থানীয়রা জানায়, খড়িয়াবাড়ি গ্রামের মাঠে শনিবার সকাল থেকেই কৃষকরা পেঁয়াজ তোলার কাজ করছিলেন। বেলা ১২ টার দিকে হালকা ও দমকা বাতাস শুরু হয়। ওই সময় আকস্মিকভাবে ফসলের মাঠে কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে পেঁয়াজ তোলার কাজ করার সময় সমির বিশ্বাস ও অপু বিশ্বাস বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

একই সময় ঘটনাস্থলে থাকা অন্য কৃষকদের মধ্যে চারজন আহত হন। আহতদের মধ্যে রনজিত মাস্টার (৬৩) নামে একজন আহত হয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, বজ্রপাতে সমির বিশ্বাস ও অপু বিশ্বাস নামে দুজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। মৃত অবস্থায় তাদের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। রনজিত মাস্টার নামে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, হাসপাতাল থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পারিবারিকভাবে মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এম শাহাজান/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।