১০ দিন পর সচল ভোমরা স্থলবন্দর, ফিরেছে কর্মচাঞ্চল্য
পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে ভোমরা স্থলবন্দর। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল শুরুর মাধ্যমে বন্দরে ফিরেছে চিরচেনা কর্মচাঞ্চল্য।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের ব্যবসায়ী নেতাদের সমন্বিত সিদ্ধান্তে গত ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এত দীর্ঘ সময় বন্দর বন্ধ থাকার নজির আগে খুব একটা দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আজ সকালে ভারতের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে কার্যক্রম পুনরায় শুরু হয়।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক রাশেদুজ্জামান বলেন, ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
অন্যদিকে, ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে আবারও স্বাভাবিক গতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।
প্রসঙ্গত, জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ভোমরা স্থলবন্দর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর। এর বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দর এবং সেখান থেকে কলকাতা-এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার হওয়ায় এ বন্দরটির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি।
আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এএসএম