জাবিতে গবেষণা বিষয়ক কর্মশালা শুরু


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তরুণ শিক্ষকদের শিক্ষকতা ও গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমাজ বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘রিসার্চ মেথোডোলজি’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কুমিল্লা ও পিকেএসএফ এবং ঢাকার অভিজ্ঞ গবেষকরা তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রশিক্ষণ দিবেন।

কর্মশালায় প্রশিক্ষকরা রিপোর্ট রাইটিং, থিসিস রাইটিং, রিসার্চ আর্টিকেল রাইটিং, জার্নাল রাইটিং, লিটারেচার রিভিউ, সোশ্যাল রিসার্চ, হাইপোথিসিস, ডাটা অ্যানালাইসিস, কো-রিলেশন অ্যানালাইসিস ও রিগ্রেশন অ্যানালাইসিস’সহ সর্বমোট ২১টি বিষয়ের উপর প্রশিক্ষণ দিবেন।

কর্মশালার আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আমির হোসেন এ বিষয়ে বলেন, কর্মশালায় সমাজবিজ্ঞান অনুষদের অধীনে মোট সাতটি বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের উচ্চতর গবেষণায় সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

হাফিজুর রহমান/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।