দুই ঢাবি শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার বিচার দাবি


প্রকাশিত: ১০:১৫ এএম, ১০ জুন ২০১৬

বাড়ি ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে ঢাবি’র অপরাজেয় বাংলার পাদদেশে এক মনববন্ধন ও মৌন মিছিলে এ দাবি করা হয়। ম্যানেজমেন্ট পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এম আলী আক্কাস, শিক্ষক মোশাররফ হোসেন, ম্যানেজমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া শুভ, ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক হাজিজুর রহমানসহ বিভাগের শিক্ষার্থীরা্।

মানববন্ধনে বক্তারা ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী ফারিয়া তাবাসসুম জ্যোতি ও তার বড় ভাই গণিত বিভাগের ছাত্র এজাবুল হকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

এসময় তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে, আগামী ১২ জুন ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে ভিসি বরাবর গণস্বাক্ষর ও স্মারকলিপি পেশ।  

উল্লেখ্য, আজ (শুক্রবার) সকালে বাড়ি যাওয়ার পথে টিকাটুলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন গণিত বিভাগের মাস্টার্সের ছাত্র এজাবুল হক ও তার ছোট বোন ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম জ্যোতি।

এমএইচ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।