চবিতে পহেলা বৈশাখের আয়োজন বর্জন চারুকলার শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৯ এপ্রিল ২০২৬

বাজেট বরাদ্দ নিয়ে অসন্তোষের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শোভাযাত্রাসহ সব ধরনের কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীরা বৈশাখী শোভাযাত্রাসহ সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পরিকল্পনা ও বাজেট নির্ধারণসংক্রান্ত কোনো বৈঠকে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। প্রায় পাঁচ লাখ টাকার বাজেট তাদের সঙ্গে আলোচনা ছাড়াই নির্ধারণ করা হয়েছে, যা তারা অপর্যাপ্ত বলে মনে করছেন। আয়োজনের দায়িত্ব শিক্ষার্থীদের ওপর থাকলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ভিপি খন্দকার মাসরুর আল ফাহিম বলেন, আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে আগ্রহী ছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সাড়া পাওয়া যায়নি। পহেলা বৈশাখ উদযাপনের জন্য কোনো বৈঠকেই শিক্ষার্থীদের রাখা হয়নি। প্রশাসন নিজেদের পরিকল্পনা অনুযায়ী বাজেট নির্ধারণ করেছে, যা আসলে বাস্তবতার সঙ্গে মিলে না।

এ বিষয়ে পহেলা বৈশাখ আয়োজক কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, পহেলা বৈশাখ আয়োজনের জন্য কেন্দ্রীয় কমিটিতে চারুকলা ও নাট্যকলা বিভাগের সভাপতিরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে রয়েছেন। সবার সঙ্গে আলোচনা করেই বাজেট নির্ধারণ করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।